back to top
Home ব্যবসা-বাণিজ্য ২৫ নভেম্বর চালু হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান ইউরোগাইড গ্রুপ

২৫ নভেম্বর চালু হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান ইউরোগাইড গ্রুপ

ইউরোগাইড গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নানা ষড়যন্ত্র ও প্রতিকূলতা কাটিয়ে দীর্ঘ প্রায় সাত মাস পর পুনরায় করপোরেট পরিবেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে দেশের স্বনামধন্য সেবামূলক প্রতিষ্ঠান ‘ইউরোগাইড গ্রুপ’। আগামী ২৫ নভেম্বর ২০২৬, বুধবার থেকে প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে নিয়মিত কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে এজেন্ট ও ক্লায়েন্টদের মানসম্মত সেবা নিশ্চিত করতে নতুন কর্মী ব্যবস্থাপনা ও সাংগঠনিক কাঠামো সাজানো হচ্ছে।

প্রতিষ্ঠানটির কর্ণধার সীমা আক্তার প্রীতি জানান, প্রায় সাত মাস ধরে হয়রানি ও অসহযোগিতামূলক আচরণের কারণে প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়েছে এবং আর্থিক ও প্রাতিষ্ঠানিক ক্ষতি হয়েছে। তাঁর অভিযোগ, প্রতিষ্ঠানের কয়েকজন সাবেক ঘনিষ্ঠ কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় একটি অসাধু চক্র এজেন্ট ও ক্লায়েন্টদের ব্যবহার করে নানা ষড়যন্ত্র, ভিত্তিহীন অপপ্রচার ও মানহানিকর কর্মকাণ্ডে জড়িত ছিল। এসব হয়রানি থেকে তাঁর স্বামী, শ্বশুর-শাশুড়ি, এমনকি ৬০ বছর বয়সী মাও রেহাই পাননি বলে তিনি দাবি করেন।

সীমা আক্তার প্রীতি জানান, চাঁদাবাজ ও দালালচক্রের চাপ মোকাবিলায় একাধিকবার অর্থ দিতে বাধ্য হলেও পরবর্তী সময়ে তিনি ও তাঁর পরিবার ষড়যন্ত্রের শিকার হন। তাঁর ভাষ্য অনুযায়ী, তাঁকে ব্ল্যাকমেইল করে প্রথমে অর্ধকোটি টাকার বেশি এবং পরে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে আইনের আশ্রয় নিয়ে কোনো মুক্তিপণ ছাড়াই তিনি পরিস্থিতি থেকে মুক্ত হন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বিএনসিসি আর্মি উইংয়ের আলফা কোম্পানি, ১ নম্বর ব্যাটালিয়ন, রমনা রেজিমেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের ক্যাডেট আন্ডার অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি লেখালেখি, সমাজ বিশ্লেষণ ও বক্তৃতায়ও যুক্ত তিনি। সফল নারী উদ্যোক্তা হিসেবে চারটি জাতীয় পুরস্কার অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে একাধিকবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বলে জানান।

প্রতিষ্ঠানটির কার্যক্রমে গতি ফেরাতে এবার অভিজ্ঞ ও দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। পাশাপাশি সাবেক সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তা-কর্মচারী, সাবেক পুলিশ সদস্য এবং বিএনসিসির তিন শাখার ক্যাডেটদের নিয়োগে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সীমা আক্তার প্রীতি বলেন, নিজের ক্ষতি হলেও কোনো এজেন্ট বা ক্লায়েন্টের ক্ষতি তিনি চান না। সেবার মান বৃদ্ধি, কর্মীবান্ধব পরিবেশ নিশ্চিত এবং গ্রাহকদের পূর্ণাঙ্গ সেবা দেওয়াই তাঁদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।