back to top
Home গ্রাম-বাংলা ফেনীতে দিনব্যাপী রেমিট্যান্স উৎসব ও ব্যবস্থাপনা মেলা

ফেনীতে দিনব্যাপী রেমিট্যান্স উৎসব ও ব্যবস্থাপনা মেলা

‘টাকা আসে, ভবিষ্যত গড়ে’-প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে রেমিট্যান্স উৎসব ও ব্যবস্থাপনা মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে শহরের পিটিআই মাঠে প্রধান অতিথি থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল হক চৌধুরী উৎসবের উদ্বোধন করেন।

 

সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া উৎসব রাত ৮টায় সাংস্কৃতিক পরিবেশনা ও বাউল গানের মধ্য দিয়ে শেষ হবে। ইউএনসিডিএফ’র আয়োজনে কান্ট্রি প্রজেক্ট ম্যানেজার সাদাত মাইনুদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালাহউদ্দিন আহাম্মদ।

 

আবৃত্তিকার সৈয়দ আশরাফুল হক আরমানের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক দিদার মিয়া, ফেনী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ জুনায়েদ ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মজিবুর রহমান।  পরে অতিথিরা স্টল প্রদর্শনী ও ভিআইপি বুথ, ডিজিটাল রেমিট্যান্স ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সরাসরি প্রদর্শনী পরিদর্শন করেন।

 

প্রধান অতিথি বলেন, প্রবাসীরা অনেক পরিশ্রম করে। সেখানে গিয়ে অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে। কিন্তু তারা তো সেখানে গিয়ে ফেরত আসে। ফেরত আসার পর কি করবে তা আমরা ভাবি না। এজন্য সঞ্চয়টা প্রয়োজন। আমাদের কাজ হলো তারা অর্থ কিভাবে ব্যবহার করবে তা নিয়ে কাজ করা। এ নিয়ে সরকার কাজ করছে। সরকারের বিভিন্ন ব্যাংকও রয়েছে এজন্য।

মেলায় ২০টি স্টলে বিভিন্ন সরকারি, এনজিও ও উদ্যোক্তারা অংশ নেয়। দিনভর জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, অংশীদারদের বুথ পরিদর্শন, বিতর্ক, নারী উদ্যোক্তা সম্মাননা ও আর্থিক সচেতনতাকরণসহ বিভিন্ন আয়োজন রয়েছে।