
দেশের শীর্ষস্থানীয় দুই আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স ও বিকাশ যৌথভাবে ডিজিটাল ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর) সেবা চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা আরও সহজে নির্দিষ্ট মেয়াদে আমানত রাখার সুযোগ পাবেন।নতুন এই সেবার আওতায় গ্রাহকরা ঘরে বসে কোনো কাগজপত্র ছাড়াই বিকাশ অ্যাপের মাধ্যমে সরাসরি আইডিএলসি ফাইন্যান্সে ৬ ও ১২ মাস মেয়াদি ১০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত এফডিআর খুলতে পারবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এফডিআর খোলা, নির্ধারিত সময় পরপর সুদ গ্রহণ এবং মেয়াদ শেষে সম্পূর্ণ অর্থ গ্রহণ- এই পুরো প্রক্রিয়াই বিকাশ অ্যাপের মাধ্যমে ডিজিটালি সম্পন্ন করা যাবে।
সম্প্রতি রাজধানীতে আইডিএলসি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন এবং বিকাশ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ যৌথভাবে এ সেবা চালুর ঘোষণা দেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রাহকরা তাদের আইডিএলসি এফডিআরের নির্ধারিত সময়ের সুদ সরাসরি বিকাশ অ্যাকাউন্টে পাবেন। পাশাপাশি বিকাশ অ্যাপ থেকেই ডিজিটাল এফডিআর রসিদ ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন।
এফডিআর সেবায় অটো-রিনিউয়াল সুবিধাও রাখা হয়েছে। গ্রাহক চাইলে মেয়াদ শেষে তার এফডিআর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে যাবে।
আইডিএলসি ফাইন্যান্সের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন বলেন, ‘আইডিএলসি ফাইন্যান্স ও বিকাশের এই সহযোগিতা বৃহত্তর জনগোষ্ঠীর জন্য সঞ্চয়কে সহজ করতে আমাদের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা মানুষের কাছে পৌঁছানোর মাধ্যমে তাদের মধ্যে আরও শক্তিশালী সঞ্চয় সংস্কৃতি গড়ে তুলতে চাই।’
বিকাশ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ বলেন, ‘আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বিকাশ দেশের সাধারণ মানুষের কাছে সঞ্চয় সেবা আরও সহজলভ্য করে তুলছে।’
উল্লেখ্য, গ্রাহকরা প্রায় পাঁচ বছর ধরে বিকাশ অ্যাপের মাধ্যমে আইডিএলসি ফাইন্যান্সের সাপ্তাহিক ও মাসিক ডিপিএস সেবা গ্রহণ করে আসছেন। ইতোমধ্যে যা গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এই অংশীদারিত্বের মাধ্যমে নতুন এফডিআর সেবা চালুর ফলে গ্রাহকরা এখন নির্দিষ্ট মেয়াদে সঞ্চয়ের নতুন সুযোগ পাবেন।






































