back to top
Home প্রচ্ছদ জাবি ক্যাম্পাসে প্রজাপতির খাদ্য জোগাচ্ছে ৫৪ প্রজাতির বন্য উদ্ভিদ, গবেষণায় উঠে এলো...

জাবি ক্যাম্পাসে প্রজাপতির খাদ্য জোগাচ্ছে ৫৪ প্রজাতির বন্য উদ্ভিদ, গবেষণায় উঠে এলো গুরুত্বপূর্ণ তথ্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি গবেষণা

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে পরিচালিত এক গবেষণায় প্রজাপতির বৈচিত্র্য ও জীববৈচিত্র্য সংরক্ষণে বন্য মধুবাহী উদ্ভিদের গুরুত্বপূর্ণ ভূমিকা উঠে এসেছে। গবেষণায় ৬০ প্রজাতির প্রজাপতির খাদ্যের উৎস হিসেবে ৩০টি পরিবারের অন্তর্ভুক্ত ৫৪ প্রজাতির বন্য মধুবাহী উদ্ভিদ শনাক্ত করেছেন গবেষকরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গবেষণাসংশ্লিষ্ট তথ্য থেকে জানা যায়, প্রজাপতির খাদ্য ও আবাসস্থলের সঙ্গে এসব উদ্ভিদের নিবিড় সম্পর্ক রয়েছে। গবেষণায় দেখা গেছে, শনাক্ত ৫৪ প্রজাতির মধ্যে ১৬টি উদ্ভিদ সারা বছর ক্যাম্পাসে পাওয়া যায়। এসব উদ্ভিদ সম্মিলিতভাবে গবেষণায় নথিভুক্ত ৬০ প্রজাতির সব প্রজাপতিকে মধু সরবরাহে ভূমিকা রেখেছে।

 

উদ্ভিদের বিস্তৃতি ও বৈচিত্র্য নিরূপণে গবেষকরা জাবি ক্যাম্পাসকে ১০টি এলাকায় ভাগ করেন। এর মধ্যে সুইমিংপুল-সংলগ্ন এলাকায় সর্বোচ্চ ৪৯ প্রজাতির মধুবাহী উদ্ভিদ পাওয়া গেছে। অন্যদিকে, পরিসংখ্যান বিভাগ-সংলগ্ন এলাকায় সবচেয়ে কম ২৮ প্রজাতির উদ্ভিদ শনাক্ত হয়েছে।

গবেষকদের একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বলেন, গবেষণাটি প্রাথমিকভাবে জাবি ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে পরিচালিত হলেও এর ফলাফল সারাদেশে প্রজাপতি সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পরিবেশগত অবস্থার মধ্যে অনেক মিল রয়েছে। দেশের সর্বত্র প্রজাপতি টিকে থাকার জন্য মধুবাহী উদ্ভিদের ওপর নির্ভরশীল। তাই এসব উদ্ভিদ ও তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা জাতীয় পর্যায়ে প্রজাপতির জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গবেষণায় শনাক্ত ১৬টি বছরব্যাপী মধুবাহী উদ্ভিদের মধ্যে রয়েছে ল্যানটানা ক্যামারা, মিমোসা পুডিকা, এজেরাটাম কনিজয়ডিস, ওয়েডেলিয়া ট্রাইলোবাটা ও রিচার্ডিয়া স্ক্যাব্রা। উদ্ভিদ পরিবারের মধ্যে অ্যাস্টারেসি সবচেয়ে সমৃদ্ধ, এ পরিবারের ১১ প্রজাতির উদ্ভিদ শনাক্ত হয়েছে। এছাড়া অ্যাকানথেসি ও ভার্বেনেসি পরিবারের চারটি করে প্রজাতি পাওয়া গেছে।

 

অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, প্রজাপতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বার্ষিক প্রজাপতি মেলাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগ বন্য মধুবাহী উদ্ভিদ ও প্রজাপতির প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে সহায়ক হবে।

গবেষণায় উদ্ভিদের সঠিক প্রজাতি শনাক্ত করতে ডিএনএ বারকোডিং পদ্ধতিও ব্যবহার করা হয়েছে। ম্যাটকে (matK) জিন বিশ্লেষণের মাধ্যমে ছয় প্রজাতির উদ্ভিদের পরিচয় নিশ্চিত করার কাজ সম্পন্ন হয়েছে। বাকি ৪৮ প্রজাতির বিশ্লেষণ পরবর্তী ধাপে করা হবে। গবেষকদের মতে, ডিএনএ বারকোডিং উদ্ভিদের সঠিক পরিচয় নিশ্চিত করার পাশাপাশি দেশের জীববৈচিত্র্য মূল্যায়ন ও সংরক্ষণ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

 

গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে এ পর্যন্ত ৪২১ প্রজাতির প্রজাপতি নথিভুক্ত হয়েছে। এর মধ্যে একসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১১০ প্রজাতির প্রজাপতির উপস্থিতি পাওয়া গেলেও বর্তমানে সেই সংখ্যা কমে ৭২-এ দাঁড়িয়েছে। প্রজাপতির প্রজাতি কমে যাওয়ার এই চিত্র ক্যাম্পাসের প্রাকৃতিক আবাসস্থলের অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

গবেষকদের মতে, আবাসস্থল ধ্বংস, প্রাকৃতিক উদ্ভিদ কমে যাওয়া এবং বন্য মধুবাহী উদ্ভিদ হারিয়ে যাওয়ার ফলে প্রজাপতিসহ অন্যান্য পরাগায়নকারী প্রাণীর খাদ্যের উৎস সংকুচিত হচ্ছে। তাই কার্যকর সংরক্ষণ কৌশল গ্রহণের জন্য মধুবাহী উদ্ভিদের বিস্তার ও প্রাপ্যতা নিশ্চিত করা জরুরি।

 

‘বাটারফ্লাই-ওয়াইল্ড নেকটার প্ল্যান্ট ইন্টারঅ্যাকশনস অ্যান্ড ডিএনএ বারকোডিং অব দিজ প্ল্যান্টস ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণাপত্রটি বায়োরিসার্চ কমিউনিকেশনস জার্নালের ২০২৬ সালের জুলাই সংখ্যায় প্রকাশিত হয়েছে। গবেষণাটি যৌথভাবে সম্পন্ন করেছেন জাবির প্রাণিবিদ্যা বিভাগের মুনতাহেনা রুহি, শ্রাবণী দাস, নূর এ আফসারী এবং অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন।

গবেষণার ফলাফল বলছে, প্রজাপতির বৈচিত্র্য রক্ষায় শুধু প্রজাপতি সংরক্ষণ নয়, বরং তাদের খাদ্যের উৎস বন্য মধুবাহী উদ্ভিদ ও প্রাকৃতিক আবাসস্থল রক্ষার ওপরও সমান গুরুত্ব দিতে হবে।