back to top
Home জাতীয় পাল্টে যাচ্ছে বিশ্বের এভিয়েশন ও পর্যটন শিল্পের ধরণ : পর্যটন প্রতিমন্ত্রী

পাল্টে যাচ্ছে বিশ্বের এভিয়েশন ও পর্যটন শিল্পের ধরণ : পর্যটন প্রতিমন্ত্রী

বিশ্বের এভিয়েশন ও পর্যটন

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে পাল্টে যাচ্ছে বিশ্বের এভিয়েশন ও পর্যটন শিল্পের ধরণ। তিনি বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, ইন্টারনেট অব থিংস, ভার্চুয়াল রিয়েলিটি, থ্রিডি প্রিন্টিং ও অন্যান্য প্রযুক্তি এই দুই শিল্পের বিকাশে দারুণভাবে সহায়কের ভূমিকা পালন করছে।

 

আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে  ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

 

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে পর্যটকদের ধরণ-ধারণেও ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। এখন প্রযুক্তির কল্যাণে সারা বিশ্ব তাদের হাতের মুঠোয়। এখন তারা মোবাইলে কিংবা কম্পিউটারে ট্র্যাভেল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে পর্যটন গন্তব্য, আকর্ষণীয় স্থান, হোটেলের মান এবং ভ্রমণ আয়োজন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্যতাসহ সবকিছু জেনে নিতে পারছে, বিভিন্ন প্যাকেজ পছন্দ করে বুকিং দিতে পারছে, সার্ভিস ফিডব্যাক দিতে পারছে। এয়ারলাইন্সের টিকিট এখন মানুষ ঘরে বসেই ক্রয় করতে পারছে, অনলাইনে বোর্ডিং সম্পন্ন করতে পারছে। আকাশপথ ও বিমানবন্দর ব্যবস্থাপনায়ও আসছে নানা প্রযুক্তিগত পরিবর্তন।

 

প্রতিমন্ত্রী বলেন, মানবসভ্যতা ইতিহাসে এখন পর্যন্ত তিনটি শিল্প বিপ্লবের অভিজ্ঞতা প্রত্যক্ষ করেছে। এক-একটি শিল্প বিপ্লব পাল্টে দিয়েছে সারা বিশ্বের শিল্প উৎপাদন, বাজার ও ব্যবসার গতিপথ, পাল্টে দিয়েছে মানব সভ্যতার ইতিহাস ও মানুষের জীবনাচরণ। আগের তিনটি বিপ্লবকে ছাপিয়ে যাবে ডিজিটাল বিপ্লব তথা চতুর্থ শিল্প বিপ্লব।

 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং কী নোট উপস্থাপন এটুআই এর পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী।